লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
সারাদেশ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ট্রান্সফরমারে আগুন

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৩:৩৪ ১ মিনিটে পড়া
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ট্রান্সফরমারে আগুন
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার গভীর রাতে উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আট থেকে ১০ জন দুর্বৃত্ত ওই উপকেন্দ্রের কার্যালয়ে প্রবেশ করে পেট্রোলজাতীয় পদার্থভর্তি বোতল ও ককটেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি বোতল বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক সপ্তর্ষি পাল জানান, প্রথম দিনের ঘটনার পর নিরাপত্তা জোরদারের চেষ্টা করা হয়েছিল এবং থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় দিনের এই ঘটনার ফলে কর্মীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পোড়া বোতল, পেট্রোলজাতীয় পদার্থ ও ব্লিচিং পাউডার উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।