লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
জাতীয়

গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৫:২৪ ১ মিনিটে পড়া
গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে রাজধানীর পিলখানায় গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পিলখানা সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে পৌঁছানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাধীন সদস্যদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী বিজিবির অপারেশনাল রুম বা অপস রুম ঘুরে দেখেন এবং সেখানকার কার্যক্রম সম্পর্কে জেনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

গত ১৬ নভেম্বর গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান এবং সিপাহী রঞ্জু মিয়া। অন্যদিকে, ১৭ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় মাথায় আঘাত পান খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার এই হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এই তিনজন সদস্যই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।