লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
রাজনীতি

সিলেটে সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলা

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৪:২৫ ২ মিনিটে পড়া
সিলেটে সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলা
ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেকের (আবদুল মালেক) বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় ‘খাজা মহল’ নামক তাঁর বাড়িতে এই হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় এমপি মালেক, তাঁর স্ত্রী ও ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তাঁরা বাইরে এসে ঘটনার বিষয়ে জানতে পারেন।

পেট্রলবোমা নিক্ষেপের ফলে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির নিরাপত্তাকর্মীরা ও ভেতরে থাকা লোকজন দ্রুত তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা একটি পিকআপ ভ্যান বা লেগুনায় করে এসে এই হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনায় কেউ আহত হননি।

নিজের বাসভবনে এমন হামলার ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য এম এ মালেক। তাঁর দাবি, এই ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে হামলার পরিকল্পনা করা হচ্ছে এবং লন্ডন থেকে উসকানি দেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরও মন্তব্য করেন যে, এই হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বা শেখ হাসিনার অনুসারীরা জড়িত থাকতে পারে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।