রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের দুটি ইউনিটের জন্য আমদানিকৃত পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান শুক্রবার প্রকল্পের নির্দিষ্ট এলাকায় এসে পৌঁছেছে। এই চালানের মাধ্যমে কেন্দ্রটির জন্য জ্বালানি আমদানির পুরো কার্যক্রম সফলভাবে শেষ হলো।
প্রকল্পের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা বেজে ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়ামগুলো প্রকল্প সীমানায় পৌঁছায়। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার অত্যন্ত কঠোর নিরাপত্তাব্যবস্থার ভেতর দিয়ে লরিবহরটি ভেতরে প্রবেশ করে।
প্রকল্পের দুটি ইউনিটের জন্য সর্বমোট নয়টি চালানের মাধ্যমে এই জ্বালানি আনা হয়েছে। যার মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি বাবদ দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পূর্বপরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি বিমানে আরও ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আসার কথা ছিল।
রাশিয়ার উন্নত প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এই দুটি ইউনিট পুরোপুরি চালু করা সম্ভব হলে জাতীয় গ্রিডের সঙ্গে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।




