অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট দল

আগামী ডিসেম্বরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। টম ল্যাথামের নেতৃত্বাধীন এই দলে চোট কাটিয়ে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। অজিদের মাটিতে এর আগে ককখনও এত দীর্ঘ টেস্ট সিরিজ খেলেনি কিউইরা।
পেস বোলিং আক্রমণে ম্যাট হেনরির নেতৃত্বে সাতজন সিম বোলার রাখা হয়েছে, যার মধ্যে রয়েছেন দীর্ঘদেহী ও দ্রুতগতির বোলার কাইল জেমিসন। এছাড়া অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পেয়েছেন মাত্র দুটি টেস্ট খেলা পেসার মাইকেল রাই। হ্যামস্ট্রিং চোট সারিয়ে সিরিজের শেষভাগে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে পেসার ব্লেয়ার টিকনারের।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাতে চোট পাওয়া মিচেল স্যান্টনার অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রধান কোচ রব ওয়াল্টার। বর্তমান স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি, তবে গ্লেন ফিলিপসকে সহায়তা করার জন্য ডিন ফক্সক্রফটকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিপ ফ্লেক্স ও গোড়ালির ইনজুরির কারণে জ্যাক ফক্স এবং বেন সিয়ার্স বাইরে রয়েছেন।
আগামী ৯ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হতে যাওয়া বক্সিং ডে টেস্টটি অধিনায়ক টম ল্যাথামের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কেবল একটি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রাই, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।




