লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়াদের নথি যাচাই করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৪:০৫ ২ মিনিটে পড়া
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়াদের নথি যাচাই করছে পুলিশ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটারদের নাগরিকত্বের নথি যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের এই কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের বিপ্রভাগ গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের পরিবারের পাঁচ সদস্যের মধ্যে কেবল তারই নাম বাদ পড়েছে। তিনি জানান, আদালতের ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গত বুধবার রাতে তার বাড়িতে একজন পুলিশ অফিসার ও কয়েকজন সিভিক পুলিশ এসে নাগরিকত্বের নথিপত্র দেখতে চান। এছাড়া আগামী দিনে স্থানীয় পাড়ায় শিবির করে নথি সংগ্রহ ও যাচাই করা হবে বলে পুলিশ তাকে জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং সমাজকর্মীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, থানায় আসার নোটিশ দিচ্ছে কিংবা শিবির করে বাদ পড়া ভোটারদের তথ্য যাচাই করছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানা গেছে, এর আগে ভারতে পুলিশ এভাবে স্বাধীনভাবে নাগরিকত্ব যাচাইয়ের অভিযান পরিচালনা করেনি।

নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তা এবং মোস্তাফিজুরের স্ত্রী বিলকিস বেগম জানান, পুলিশের এই নতুন যাচাই প্রক্রিয়া সম্পর্কে তিনিও আগে থেকে কিছু জানতেন না। বারবার নথিপত্র জমা দিয়ে নিজেদের বৈধতা প্রমাণ করতে গিয়ে সাধারণ মানুষ বিরক্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান তিনি। মালদার মোথাবাড়ি থানা এলাকাতেও পুলিশ গত তিন দিন ধরে গ্রামে গ্রামে ঘুরে বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের নথি যাচাই করছে বলে জানা গেছে।