মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের হামলা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত এক মাসের মধ্যে সিস্টেমটির আধুনিকায়নের কাজ চলার সময় এই অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এই ঘটনার ফলে সামরিক অভিযান, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রীয় এই ক্লাউড ব্যবস্থা পরিচালনায় মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট যুক্ত রয়েছে। এর ব্যবহার কেবল প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নয়, বরং সামরিক বাহিনীর নির্দেশ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি বিশ্বের ২০০টির বেশি স্থানে থাকা অস্ত্র ও গোলাবারুদের মজুতের হিসাব রাখার কাজেও এটি ব্যবহৃত হয়।
কারা এই হামলা চালিয়েছে, সিস্টেমটির কতটা নিয়ন্ত্রণ তারা নিতে পেরেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা বা দুর্বলতা নিয়ে তারা কোনো মন্তব্য করে না।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও নিরাপত্তা প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলার খবরের মধ্যেই বিমানবাহিনীর এই গুরুত্বপূর্ণ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঘটনা সামনে এল। এর আগে সিআইএ, এফবিআই এবং পেন্টাগনের একটি তথ্যব্যবস্থাতেও হ্যাকারদের প্রবেশের খবর প্রকাশ পেয়েছিল।




