লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
স্বাস্থ্য

ডিসেম্বরে ২০০ শয্যায় চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল সহ পাঁচটি বিশেষায়িত হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৬:০৬ ২ মিনিটে পড়া
ডিসেম্বরে ২০০ শয্যায় চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল সহ পাঁচটি বিশেষায়িত হাসপাতাল
ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রংপুরে বহুল প্রতীক্ষিত ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালটি উদ্বোধন করবেন। একই সময়ে সারা দেশে আরও চারটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুরও পরিকল্পনা রয়েছে। হাসপাতালগুলো চালু হলে রংপুরসহ বিভিন্ন অঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে এবং গুরুতর অসুস্থ শিশুদের জন্য রাজধানীমুখী হওয়ার প্রবণতা হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, রংপুর ছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় অবস্থিত মোট পাঁচটি শিশু হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত। এই হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্দেশ্যে নতুন পদ সৃজন সংক্রান্ত প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রংপুর নগরীর প্রাণকেন্দ্রে সাবেক সদর হাসপাতাল এলাকার প্রায় দুই একর জমির ওপর তিনতলা বিশিষ্ট এই হাসপাতাল ভবনটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের মার্চে ভবনটি হস্তান্তর করা হয়। তবে করোনা মহামারি শুরু হলে সে সময় ভবনটিকে করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে মহামারির প্রকোপ কমে গেলে এটি কার্যত বন্ধ থাকে এবং জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হয়নি।

হাসপাতালটির নতুন কার্যক্রমে গতি আনতে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নার্স নিয়োগ এবং উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন সম্পন্ন হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কনসালট্যান্ট এবং চিকিৎসা কর্মকর্তা পদেও দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। নতুন এই স্বাস্থ্যকেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের দীর্ঘদিনের শয্যা সংকট ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।