একদিনের ব্যবধানে দেশের বাজারে ভ্যাটসহ বাড়লো সোনার দাম

দেশের বাজারে মাত্র একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের সোনায় এক হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দর শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এর আগে গতকাল এই দাম ছিল এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দুই লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এক হাজার ৯২৫ টাকা বহাল রয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম ও নিয়ম কার্যকর থাকবে।




