লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
অন্যান্য

ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ ২ মিনিটে পড়া
ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মুনতারিন ফেরদৌস ডরিন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। মামলার অন্য আসামিদের সঙ্গে মিলে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির মতো দেশবিরোধী কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পলাতক আসামিদের শনাক্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের সত্যতা পায় এবং সেখান থেকে পোড়া কৌটার অংশবিশেষ, ১২টি তারকাঁটা ও কাচের টুকরা জব্দ করে। এই ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়।