লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু ও হামের উপসর্গে আট শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৮:৪৫ ২ মিনিটে পড়া
দেশে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু ও হামের উপসর্গে আট শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে পৌঁছেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৪৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে হাম ও এর উপসর্গে দেশজুড়ে আটটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫ জন রোগী। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২৫ জন এবং অন্যান্য বিভাগে বাকি রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে এক লাখ ৭৪ হাজার ৭১৪ জন ছাড়পত্র পেয়েছেন।

পাশাপাশি, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।