জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, নাট্যকার ও প্রযোজক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামী ও নির্মাতা নুরুল আলম আতিক।
গত এক বছরের বেশি সময় ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে ২১ নভেম্বর তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর তিনি মারা যান। তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ছিলেন।
দুই দশকের বেশি সময় ধরে নাট্য ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে 'যেখানে সীমান্ত তোমার', 'প্রজ্ঞা পারমিতা' এবং 'গোল্লাছুট'। এছাড়া ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'লাল মোরগের ঝুঁটি' সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকালে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এবং পরবর্তীতে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা প্রথম জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।




