নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অক্ষত যাত্রীরা

শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিফাত নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন বাসটি ভুলতা গাউছিয়া থেকে ঢাকার দিকে যাওয়ার পথে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে এই নাশকতা ঘটে। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাস সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে বাসটি ছাড়ার পর সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে সাধারণ যাত্রীর বেশে দুই যুবক বাসে ওঠেন এবং পেছনের সিটে বসেন। পরে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর তারা নেমে যান এবং এর কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদে নেমে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বাসটি ডাম্পিংয়ে রাখা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।




