লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
সারাদেশ

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেওয়ার ভাবনা সরকারের, জানালেন শ্রমমন্ত্রী

​নিউজ ডেস্ক শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ২:১৯ ১ মিনিটে পড়া
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেওয়ার ভাবনা সরকারের, জানালেন শ্রমমন্ত্রী

বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ব্যয়ের ৫০ শতাংশ বহন করার কথা ভাবছে সরকার। মন্ত্রিসভার সায় মিললে এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সকালে ঢাকার মিরপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।
​মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক সরকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। কেবিনেটে অনুমোদন হলে শিগগিরই বিষয়টি চূড়ান্ত রূপ পাবে।
​তিনি আরও বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন গন্তব্যে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি শারীরিকভাবে অযোগ্য কাউকে যোগ্য দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
​সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শ্রমমন্ত্রী সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা তুলে ধরেন। এ ছাড়া প্রবাসীদের আইনি সুরক্ষায় ল ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।