ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনল বাপেক্স, ৩১ দিন পর স্বস্তি

টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা কক্সবাজারের ইনানীর গ্যাসকূপের আগুন অবশেষে নেভাতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। শুক্রবার সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং বসানোর মাধ্যমে কূপের বিভিন্ন মুখ দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাপেক্স জানিয়েছে, কেসিংয়ের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের চাপ অন্য দিকে সরিয়ে নেওয়ায় আগুন নিভে আসে। ঝুঁকিপূর্ণ এই কাজের পর এখন কূপটিকে পুরোপুরি নিরাপদ করার পাশাপাশি প্রায় এক হাজার ফুট খনন ও ড্রিলিং মাড দিয়ে ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণের কাজ শুরু হবে।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু জানান, গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এনে আগুন নেভানো গেছে। কূপটি নিরাপদ হওয়ার পর ওই এলাকায় জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে চালিয়ে বাণিজ্যিক গ্যাসের সম্ভাবনা যাচাই করা হবে। এরই মধ্যে গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান ও কর্মকর্তা রকিবুল হাসান জানান, পরীক্ষার ফলে গ্যাসের গঠন ও মান সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।
গত ২৭ অক্টোবর ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ বসানোর সময় প্রচণ্ড চাপে গ্যাস বের হতে শুরু করে এবং বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন লাগে। দীর্ঘদিন আগুন ও ধোঁয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হলেও আগুন নিভে যাওয়ায় স্বস্তি ফিরেছে। তবে সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত বিশেষজ্ঞ দলের কাজ চলবে বলে জানিয়েছে বাপেক্স।




