লাইভ
অন এয়ারসোচ্চার কণ্ঠ, সত্যের বার্তা
অন্যান্য

২০২৭ সাল থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে

নিজস্ব প্রতিবেদক শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ ২ মিনিটে পড়া
২০২৭ সাল থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে
ছবি: সংগৃহীত

শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে আগামী ২০২৭ সাল থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে দেশের এক কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা ৫টি রেসিপির জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের পাঁচশ উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প চার থেকে দশ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে সাহায্য করছে। খাবারের মান বাড়াতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদার এবং স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে রন্ধন প্রতিযোগিতায় মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি প্রথম স্থান অধিকার করেন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। রান্নার সৃজনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিকও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।